নিয়োগপত্র দেওয়া শুরু পর্ষদের – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে অবশেষে কাটল জট। রাজ্যজুড়ে মোট ১৯৮২ জন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীর নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করল জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদগুলি। পর্ষদ সূত্রে খবর, যোগ্য প্রার্থীদের নথিপত্র যাচাই ও কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পরেই এই নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই হুগলি জেলায় তথ্য যাচাই এবং সফল কাউন্সেলিংয়ের পর প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতেও দ্রুত এই প্রক্রিয়া শেষ করতে পর্ষদের পক্ষ থেকে নথিপত্র যাচাই ও কাউন্সেলিংয়ের বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দীর্ঘদিন অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য পর্ষদের এই পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

