নেতাজিকে অপমান করলেই কড়া শাস্তি! হুশিয়ারির পরই ঝটিকা অভিযানে গ্রেপ্তার ১, ডিলিট শতাধিক পোস্ট! – এবেলা

এবেলা ডেস্কঃ
জাতীয় নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্যের অভিযোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র শোরগোল। এই ঘটনার জেরে কড়া পদক্ষেপ গ্রহণ করে রাজ্য প্রশাসন জানিয়ে দিয়েছে, নেতাজিকে অবমাননার ক্ষেত্রে কোনওোরকম ছাড় দেওয়া হবে না। সম্প্রতি এই বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ওই কঠোর বার্তার পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্যজুড়ে মোট ছয়টি এফআইআর দায়ের করা হয়েছে এবং উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে কিরণকুমার দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, সমাজমাধ্যম থেকে নেতাজিকে নিয়ে ছড়ানো অবমাননাকর ১০৮টি পোস্টও সফলভাবে সরিয়ে ফেলা হয়েছে।
ইসলামপুর পুলিশ সুপার রাকেশ সিং জানিয়েছেন, ধৃতকে জেরা করার জন্য পুলিশি হেফাজতে নিয়ে মহকুমা আদালতে তোলা হবে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত সোশাল মিডিয়ায় নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছিল। এদিকে এই ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং এর সঙ্গে সাম্প্রতিক অন্য কোনো বিতর্কের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আইনের শাসন বজায় রাখতে এবং সাইবার অপরাধ দমনে পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
