পকেটে টান! উৎসব কাটতেই কি আকাশছোঁয়া হতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম? – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের মরশুম মিটতেই দেশজুড়ে ফের চড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম।অক্সফোর্ড ইকোনমিক্সের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আগামী বছর বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় নির্বাচনী প্রচার তীব্র হওয়ার আগে নভেম্বর মাসেই জ্বালানির দাম বাড়ানোর শেষ সুযোগ পেতে পারে সরকার। এই সম্ভাব্য মূল্যবৃদ্ধি প্রায় ৩.৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে, যা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও খরচের ওপর বড় প্রভাব ফেলবে।
জ্বালানির এই মূল্যবৃদ্ধি ঘটলে তা দেশের খুচরা মুদ্রাস্ফীতির হারকে আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, এর জেরে অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি ৬.২ শতাংশ এবং পরবর্তী ত্রৈমাসিকে তা বেড়ে ৬.৫ শতাংশে পৌঁছাতে পারে, যা রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সর্বোচ্চ সহনশীল সীমার উপরে। এমতাবস্থায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাঙ্ক আগামী দিনে সুদের হার বা রেপো রেট আরও বাড়ানোর পথে হাঁটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
