পঠনপাঠনে দেওয়া যাবে না ব্যাঘাত, জনগণনায় যুক্ত শিক্ষকদের নিয়ে কড়া হাইকোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ
জনগণনার (Census) কাজের জন্য কোনোভাবেই স্কুলের পঠনপাঠন বন্ধ বা ব্যাহত করা যাবে না—স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, সেন্সাসের দায়িত্বে থাকা শিক্ষকদের কাজ অন্য শিক্ষকদের মধ্যে বন্টন করার দায়িত্ব প্রধান শিক্ষকের, যাতে ক্লাস সচল থাকে। একই সাথে সেন্সাসের কাজে যুক্ত শিক্ষকদের সেই সময়টুকু ‘অন ডিউটি’ হিসেবেই গণ্য করা হবে।
সম্প্রতি ছুটির দিনে বা শনি-রবিবারে শিক্ষকদের দিয়ে জনগণনার কাজ করানোর রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা হয় হাইকোর্টে। শুনানিতে কেন্দ্রের অবস্থান ছিল ভিন্ন; কেন্দ্র জানায়, ছুটির দিনে নয়, বরং স্বাভাবিক কর্মদিবস চলাকালীনই শিক্ষকদের এই কাজে ব্যবহার করা উচিত। রাজ্য ও কেন্দ্রের সমন্বয়ের অভাব দেখে আদালত ক্ষোভ প্রকাশ করার পর রাজ্য তার বিতর্কিত নির্দেশিকাটি প্রত্যাহার করে নেয়।
তবে শিক্ষকরা এই কাজ থেকে ছাড় পাচ্ছেন না। পঠনপাঠনের ক্ষতি না করে কীভাবে এবং কখন শিক্ষকদের সেন্সাসের কাজে ব্যবহার করা হবে, তার নতুন সূচি ও নির্দেশিকা প্রকাশ করবে সেন্সাস বোর্ড।
