পড়ুয়াহীন চার হাজারের বেশি স্কুল, শিক্ষক মাত্র একজন! বাংলার শিক্ষা নিয়ে কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্য! – এবেলা

এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারি সংস্থা ইউডাইস প্লাস (UDISE+)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের চার হাজারের বেশি স্কুলে এই মুহূর্তে কোনো ছাত্রছাত্রী নেই, অথচ সেখানে কর্মরত রয়েছেন ১৯ হাজারেরও বেশি শিক্ষক। পাশাপাশি, রাজ্যের প্রায় ৬ হাজার ৭৬৯টি এমন স্কুল রয়েছে যেখানে মাত্র একজন করে শিক্ষক ভরসা এবং সেখানে পঠনপাঠন চালাচ্ছে অন্তত ২ লক্ষ ২৯ হাজার পড়ুয়া। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা পরিকাঠামোগত অব্যবস্থা ও চরম বৈষম্যের চিত্রটি তীব্রভাবে সামনে চলে এসেছে।
এই পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে রাজ্যজুড়ে তৈরি হওয়া বিতর্কের মাঝে স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ জানান, বহু বেসরকারি স্কুল পোর্টালে সঠিকভাবে তথ্য আপলোড না করায় পড়ুয়ার সংখ্যা শূন্য দেখাচ্ছে। অন্যদিকে, বিগত বছরগুলিতে নিয়মিত শিক্ষক নিয়োগ না হওয়ার ফলেই এই বহুমুখী সংকট তৈরি হয়েছে বলে তিনি স্বীকার করেন। তবে সরকার এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ করছে এবং শিক্ষক পুনর্বণ্টনের মাধ্যমে চলতি বছরের মধ্যেই গোটা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
