“পথভ্রষ্ট শিশুদের ক্ষমা করলাম”, প্রধানমন্ত্রীর উদারতায় রেহাই পেল কটূক্তি করা কিশোরী – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা ১৫ বছরের সেই কিশোরীর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা তুলে নিল দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রীর উদারতা এবং ক্ষমার বার্তার পরেই এই আইনি জটিলতার অবসান ঘটল।
সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’র নিট (NEET) আন্দোলন চলাকালীন দিল্লির যন্তর মন্তরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কুরুচিকর মন্তব্য করেছিল ওই নাবালিকা। পরবর্তীতে নেটপাড়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে কান্নায় ভেঙে পড়ে একটি ক্ষমাপ্রার্থনার ভিডিও পোস্ট করে সে। ভিডিওতে মেয়েটি স্বীকার করে যে, অন্যদের প্ররোচনায় পড়ে সে এই মারাত্মক ভুলটি করে ফেলেছিল।
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় সাড়া দেন প্রধানমন্ত্রী নিজেই। একটি ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে তিনি জানান, বিভ্রান্ত ও পথভ্রষ্ট শিশুদের শাস্তি বা হেনস্থা করা সমাধান নয়; তিনি তাদের মন থেকেই ক্ষমা করেছেন। প্রধানমন্ত্রীর এই বার্তার পরেই স্বস্তি ফেরে পরিবারটিতে। কিশোরীর মা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত তাঁর সন্তানকে এক নতুন জীবন দিল। এর পাশাপাশি তিনি ১৮ বছরের কম বয়সিদের সামাজিক মাধ্যম ব্যবহার এবং রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ বন্ধের আর্জিও জানান।
