পদত্যাগ করে রাজসাক্ষী হোন, জ্ঞানেশ কুমারকে চরম বার্তা রাহুলের! – এবেলা

এবেলা ডেস্কঃ
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি পদত্যাগ করার পরামর্শ দিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। এসআইআর-এর নামে ভোটচুরির অভিযোগ তুলে তিনি বলেন, ‘আপনি অপরাধ করেছেন, তবে মূল অপরাধী নন। পদত্যাগ করে রাজসাক্ষী হয়ে যান, সেটাই হবে আপনার প্রকৃত দেশসেবা।’ দিল্লির কংগ্রেস দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রাহুল দাবি করেন, বর্তমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত অন্তত ২০০ জন আধিকারিক নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে। ইডি, সিবিআই থেকে শুরু করে বিদেশ মন্ত্রক—সর্বত্র থেকেই সরকারের অন্দরের খবর তাঁর কাছে পৌঁছাচ্ছে এবং জ্ঞানেশের বর্তমান পরিস্থিতির ওপরও তাঁদের সম্পূর্ণ নজর রয়েছে।
সোমবার বিরোধী জোটের পক্ষ থেকে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি ও ভোটচুরির প্রতিবাদে সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কনস্টিটিউশন ক্লাবের সমাবেশে রাহুল গান্ধী ছাড়াও মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতারা উপস্থিত ছিলেন। রাহুল এদিন অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন এবং তিনি মানসিকভাবে আতঙ্কিত। উৎসবের মরশুমের কারণে বিরোধী দলগুলি আপাতত নিজেদের মতো করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গেলেও জ্ঞানেশের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। রাহুলের এই হুঙ্কার ও সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগের দাবি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।
