পরকীয়ায় বাধা ও ফোন ভাঙার মাশুল! স্ত্রীকে বাঁশের খুঁটিতে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারল স্বামী – এবেলা

এবেলা ডেস্কঃ
মালদা: অন্য নারীর সঙ্গে স্বামী ভিডিওকলে ব্যস্ত, তা চোখে পড়ে গিয়েছিল স্ত্রীর। সহ্য করতে না পেরে রাগের মাথায় স্বামীর মোবাইলটি আছাড় মেরে ভেঙে ফেলেন তিনি। আর সেই ‘অপরাধেই’ স্ত্রীকে বাঁশের খুঁটিতে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারার নৃশংস অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শিউরে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের নাদারটোলা এলাকায়।
মৃত তরুণীর নাম চুন্নি খাতুন (২০)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
কী ঘটেছিল ঠিক? পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বিহারের কাটিহার জেলার বাইরিয়া এলাকার বাসিন্দা চুন্নির সঙ্গে বছরখানেক আগে সম্বন্ধ করে বিয়ে হয় মানিকচকের ক্ষুদ্র ব্যবসায়ী সামিউল শেখের। বিয়ের প্রথম কয়েক মাস সংসার ঠিকঠাক চললেও, সম্প্রতি স্থানীয় এক তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সামিউল। লুকিয়ে সেই তরুণীর সঙ্গে ভিডিওকলে কথাও বলতেন তিনি।
সম্প্রতি বিষয়টি ধরে ফেলেন চুন্নি। স্বামী-স্ত্রীর মধ্যে চরম বচসা শুরু হয়। সেই সময় রাগের মাথায় সামিউলের ফোনটি ভেঙে ফেলেন চুন্নি। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে পরিবারের অন্যদের সহযোগিতায় স্ত্রীকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেন সামিউল।
অভিযুক্তরা পলাতক: এই ঘটনায় চুন্নির পরিবারের তরফে স্বামী সামিউল শেখ, দেওর আনিস শেখ, ননদ চামেলি বিবি এবং শাশুড়ি দিলনুর বিবির বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত খুন ও নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা এলাকা ছেড়ে পলাতক। পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।
