‘পরচুলওয়ালার সঙ্গে ভ্রাম্যমাণ বিউটি পার্লার ফ্রি!’ মমতাকে ছেড়ে সুদীপ যেতেই নজিরবিহীন আক্রমণ কুণালের – এবেলা

‘পরচুলওয়ালার সঙ্গে ভ্রাম্যমাণ বিউটি পার্লার ফ্রি!’ মমতাকে ছেড়ে সুদীপ যেতেই নজিরবিহীন আক্রমণ কুণালের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং উত্তর কলকাতার দীর্ঘদিনের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার ঘাসফুল শিবির ছেড়ে বিদ্রোহী শিবিরে নাম লেখাতেই রাজনীতিতে তোলপাড়। দিল্লির দরবারে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের হাত ধরে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বৈঠক করতে পৌঁছে গিয়েছেন সুদীপ। আর এই দলবদলের আবহেই তাঁর বিরুদ্ধে বিষোদগার করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। চাঁচাছোলা ভাষায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর বিধায়ক স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন তিনি।

শনিবার উত্তর কলকাতার বিদায়ী সাংসদকে তীব্র কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’। শুধু ওমন একজন পরচুলওয়ালা লোক যাচ্ছে না, তার সঙ্গে একটা ভ্রাম্যমাণ বিউটি পার্লারও ফ্রি পাওয়া যাবে।” তিনি আরও যোগ করেন, “উনি তো একাধিক বার দল পরিবর্তন করেছেন। তবে এই ধরণের পরজীবী লোকগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মাথায় তুলে রেখেছিলেন, আজ এটা তারই ফল।”

তাপস রায়ের প্রসঙ্গ টেনে ক্ষোভ উগরে দিলেন কুণাল:

দক্ষ নেতা তাপস রায়কে দল ছাড়তে হয়েছিল সুদীপের কারণেই, সে কথা মনে করিয়ে দিয়ে কুণাল বলেন, “তাপস রায় মানুষ হিসেবে অত্যন্ত ভালো। অথচ সুদীপের জন্য তাঁকে চলে যেতে হয়েছিল। সুদীপ কেঁদে কেঁদে মমতার কাছে উত্তর কলকাতার সভাপতি পদ ভিক্ষা করেছিল।”

কুণাল আরও এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে বলেন, “দুদিন আগেও যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি (CID) গিয়েছিল, আমি সুদীপকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম আপনি কোথায়? ও বলেছিল নয়না যাচ্ছে। নয়নাদি তো পৌঁছালই না, উল্টে সুদীপদা গিয়ে হাজির হলেন বিজেপির ভূপেন্দ্র যাদবের বাড়িতে!” রাজনৈতিক মহলের মতে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই দলবদলের পর কুণালের এমন ‘ব্যক্তিগত’ আক্রমণ ছাব্বিশের রাজনৈতিক পারদকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *