পরমব্রতর ‘ভোলবদল’ নিয়ে টলিপাড়ায় তরজা, জীতুর ইঙ্গিতপূর্ণ পোস্টে শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ
বঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই টলিপাড়ার সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। ঘাসফুল জমানার অবসান ঘটে পদ্ম শিবির ক্ষমতায় আসতেই বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্বের সুর বদল এখন প্রকাশ্য। এই আবহে ‘দলবদলু’ ও ‘সুবিধেবাদী’ কটাক্ষের মুখে পড়েছেন টলিউডের প্রথম সারির অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ফেডারেশন বিতর্কে অতীতে ক্ষমা চাওয়ার বিষয়ে সম্প্রতি পরমব্রতের দেওয়া এক সাফাইকে কেন্দ্র করে এবার নাম না করে তীব্র খোঁচা দিলেন অভিনেতা জীতু কমল, যা নিয়ে নেটপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে।
বিতর্কের সূত্রপাত ও পরমব্রতের সাফাই
বিগত সরকারের আমলে টলিপাড়ার প্রভাবশালী ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে টেকনিশিয়ান এবং কলাকুশলীদের ক্ষোভ দীর্ঘদিনের। তৎকালীন সময়ে ফেডারেশনের সঙ্গে আইনি বিরোধে জড়িয়ে পড়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে পরবর্তীতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে একটি ভিডিও বার্তার মাধ্যমে ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে আইনি পথ থেকে সরে আসেন তিনি। সম্প্রতি বিজেপির ডাকা ইন্ডাস্ট্রির এক জরুরি বৈঠকে রুদ্রনীল ঘোষের পাশে বসে সেই ক্ষমার ব্যাখ্যা দেন পরমব্রত। তিনি দাবি করেন, তৎকালীন শাসকদলের চাপের মুখে পড়ে নিজের সদ্যজাত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ‘দাঁতে দাঁত চেপে’ তিনি পরিস্থিতি মেনে নিতে বাধ্য হয়েছিলেন।
জীতুর ইঙ্গিতপূর্ণ পোস্ট ও রাজনৈতিক প্রভাব
পরমব্রতের এই ‘দাঁতে দাঁত চেপে’ মন্তব্যটির পরেই সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জীতু কমল। নিজের সদ্য সমাপ্ত ধারাবাহিকের শুটিং সেট থেকে একটি সদ্যজাত শিশুর সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে জীতু লেখেন ‘সদ্যোজাত’, যার পাশে প্রতীকীভাবে দাঁতের ছবি ব্যবহার করা হয়। এর পরেই তিনি যোগ করেন, ‘আমার তো নিজের দাঁতগুলোই ইন্ডাস্ট্রিকে দিয়ে দিলাম। যাক, শিল্পী মানুষ হতেই পারে।’ নেটিজেনদের একাংশের মতে, কোনো নাম উল্লেখ না করলেও জীতুর এই ব্যঙ্গাত্মক পোস্ট সরাসরি পরমব্রতের ভোলবদল এবং রাজনৈতিক অবস্থান পরিবর্তনের দিকেই ইঙ্গিত করে। রাজ্যে সরকার বদলের পর টলিপাড়ার অন্দরে ক্ষমতার যে পুনর্গঠন চলছে, এই ঘটনা তারই স্পষ্ট প্রভাব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
