পরিদর্শনে হামলার পরেই আসল বদল! রাজস্থানের সেই জীর্ণ স্কুল ভেঙে শুরু নতুন ভবন নির্মাণ! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজস্থানের জয়পুরের রামপুরা গ্রামের একটি জীর্ণ সরকারি স্কুল ভবন অবশেষে ভেঙে ফেলা হয়েছে, যা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়েছিল। গত বছরের সেপ্টেম্বরে এই প্রাথমিক স্কুলটিকে বিপজ্জনক ঘোষণা করা হলেও এতদিন একটি গাছের তলা কিংবা টিনের ছাউনির নিচে ক্লাস চলত। অবশেষে প্রশাসনের টনক নড়েছে এবং নতুন ভবন তৈরির জন্য প্রায় ১৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বিধায়ক কৈলাশ বর্মা এই অনুদানের কথা নিশ্চিত করেছেন। বুধবার সকাল থেকেই পুরনো বিপজ্জনক কাঠামোটি বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয়।
উল্লেখ্য, গত ২১ আগস্ট ককরোচ জনতা পার্টির (সিজেপি) যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই স্কুল পরিদর্শনে গেলে হামলার মুখে পড়ে। পরিদর্শনের সময় তাঁদের মারধর ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। উভয়পক্ষই থানায় এফআইআর দায়ের করে। তবে এই রাজনৈতিক চাপানউতোর ও আন্দোলনের ফলেই যে প্রশাসনের তৎপরতা বাড়ল, তা বলাই বাহুল্য। বুধবার জীর্ণ ভবন ভাঙার ভিডিও প্রকাশ করে আশুতোষ রাঙ্কা আশা প্রকাশ করেন যে, অবশেষে ছোট শিশুদের জন্য একটি সুরক্ষিত ও সুন্দর পড়াশোনার পরিবেশ গড়ে উঠবে।
