পরিবেশগত সংকটের মুখে মিরিক লেক, সংস্কারে ১০০ কোটির প্রকল্পের আশ্বাস পর্যটন মন্ত্রীর

দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাপনার জেরে দার্জিলিংয়ের অন্যতম পর্যটন কেন্দ্র মিরিক লেক বর্তমানে ভয়াবহ পরিবেশগত সংকটের মুখে পড়েছে। মিরিক হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, লেকের চারপাশে যত্রতত্র ময়লা ফেলা এবং নর্দমার নোংরা জল সরাসরি জলাশয়ে মেশার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। অতীতে জিটিএ-র পক্ষ থেকে লেক পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়েছে। এছাড়া পূর্ববর্তী সরকারের আমলে শৌচাগার নির্মাণের জন্য বরাদ্দ ৫ কোটি টাকার প্রকল্পও আসাম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
এই পরিস্থিতিতে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, মিরিকের সামগ্রিক উন্নয়নের জন্য ১০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প তৈরির কাজ চলছে। কেন্দ্রের ‘ওয়ান স্টেট, ওয়ান ডেস্টিনেশন’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্পের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন বা ডিপিআর তৈরির কাজ বর্তমানে জোরকদমে এগিয়ে চলেছে। পর্যটন মন্ত্রী শীঘ্রই মিরিক পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীদারদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন বলে আশ্বাস দিয়েছেন।
স্থানীয় হোটেল ব্যবসায়ী ও অংশীদারদের দাবি, ডিপিআর চূড়ান্ত করার আগে সরকার যেন তাদের মতামতকে গুরুত্ব দেয়। হোটেল মালিক, পরিবহণ কর্মী ও হোম-স্টে মালিকদের সঙ্গে আলোচনা করেই উন্নয়নের রূপরেখা তৈরির আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, লেকের বেহাল দশা ও দূষণ দেখে পর্যটকরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। লেকের জলে আবর্জনা ও মরা মাছ ভেসে থাকার মতো দৃশ্য পর্যটন কেন্দ্রটির ভাবমূর্তি নষ্ট করছে বলে মনে করছেন স্থানীয়রা।
