পর্দায় ফিরছে কৃষ্ণসার শিকারের ছায়া! ছবি আটকাতে আদালতের দ্বারস্থ সলমন – এবেলা

পর্দায় ফিরছে কৃষ্ণসার শিকারের ছায়া! ছবি আটকাতে আদালতের দ্বারস্থ সলমন – এবেলা

এবেলা ডেস্কঃ

তিন দশক পুরোনো কৃষ্ণসার হরিণ শিকার মামলা আবারও ফিরে এসেছে আলোচনার কেন্দ্রে। প্রেক্ষাপটে আসন্ন ক্রাইম থ্রিলার ‘কালা হিরন দ্য ব্যাটেল ফর লেগেসি’। অভিযোগ উঠেছে, এই ছবিতে বলিউড সুপারস্টার সালমান খান এবং কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগসূত্র তুলে ধরা হয়েছে। নিজের ব্যক্তিগত অধিকার বা পার্সোনালিটি রাইটস ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তুলে ছবিটির মুক্তি, প্রচার ও স্ট্রিমিং আটকাতে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সালমান খান।

পুরোনো মামলা ও বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

১৯৯৮ সালে রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে সালমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত বিষ্ণোই সম্প্রদায়। সংরক্ষিত এই প্রাণী হত্যার অভিযোগের জেরে দীর্ঘ আইনি লড়াই, জেল ও জামিনের মধ্যে দিয়ে যেতে হয় অভিনেতাকে। এই ঘটনার রেশ ধরেই পরবর্তীতে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় পরিণত হন তিনি। একাধিকবার প্রাণনাশের হুমকির পাশাপাশি ২০২৪ সালে সালমানের মুম্বইয়ের বাসভবনের বাইরে প্রকাশ্যে গুলি চালানোর মতো ভয়াবহ ঘটনাও ঘটে। পুরোনো সেই আইনি টানাপোড়েন ও সংবেদনশীল ঘটনাকেই এবার পর্দায় তুলে আনার চেষ্টায় শুরু হয়েছে নতুন বিতর্ক।

ছবির অন্দরেই ক্ষোভ ও আইনি জটিলতার প্রমাদ

সিনেমাটির নির্মাতারা সরাসরি সালমানের নাম ব্যবহার না করলেও, মুক্তিপ্রাপ্ত টিজারে মূল চরিত্র ‘আয়ান খান’-এর হাঁটাচলা, লুক এবং হাতের পরিচিত ফিরোজা রঙের ব্রেসলেট দেখে দর্শকরা নিশ্চিত যে এটি সালমানেরই আদল। এই সিনেমা ঘিরে খোদ অভিনয়শিল্পীদের মধ্যেও চরম ক্ষোভ তৈরি হয়েছে। চুক্তিপত্রে সালমানের বিরুদ্ধে সংবাদমাধ্যমে কথা বলার শর্ত থাকায় মাত্র দু’দিন শুটিং করেই ছবি থেকে সরে দাঁড়ান অভিনেতা সোনু মিশ্র। অন্যদিকে, প্রবীণ অভিনেতা গোবিন্দ নামদেবও অভিযোগ করেছেন যে সালমানের আদলে চরিত্র তৈরি করে তাঁকে নেতিবাচকভাবে তুলে ধরার বিষয়টি তাঁর কাছে সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল।

অভিনেতাদের এই দাবির জেরে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। প্রযোজক অমিত জনি পাল্টা আইনি নোটিশ পাঠিয়েছেন গোবিন্দ নামদেবকে, যেখানে প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও ৫০ লাখ টাকা জরিমানার দাবি করা হয়েছে। সব মিলিয়ে, একদিকে সালমান খানের দায়ের করা মামলা এবং অন্যদিকে কলাকুশলীদের ক্ষোভ ও পাল্টা আইনি হুমকির জেরে সিনেমাটির ভবিষ্যৎ ও মুক্তি বর্তমানে ঘোর অনিশ্চয়তার মুখে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *