পর্যটন ক্ষেত্রে বিপুল পরিবর্তন! চা-বাগানে থাকা থেকে অনলাইন নিয়ম, রাজ্য সরকারের নতুন বড় ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধিতে পর্যটন দফতরকে মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে নয়া শিল্পনীতির রূপরেখা স্পষ্ট করলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পর্যটনকে পূর্ণাঙ্গ শিল্পের মর্যাদা দেওয়ার পাশাপাশি বিলাসবহুল পর্যটকদের আকর্ষণ করতে ‘চা বাগানে থাকুন’ শীর্ষক বিশেষ উদ্যোগ এবং সুন্দরবনকে দ্বিতীয় ‘গ্লোবাল ডেস্টিনেশন’ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার, হুগলি ও নবদ্বীপকে ঘিরে তৈরি হচ্ছে সার্কিট। তাছাড়া, রাজ্যের সমস্ত হোম-স্টে, ট্যুর এবং বাস অপারেটরদের জন্য অ্যাপের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। একই সঙ্গে শিলিগুড়ি ও দার্জিলিংয়ে ‘টি ফেস্টিভ্যাল’, সিটং-এ ‘অরেঞ্জ ফেস্টিভ্যাল’ এবং গড়ের মাঠে ঘুড়ি-বেলুন উৎসবের আয়োজন করা হবে।
স্বাস্থ্য পর্যটনে পৃথক নীতি, শিলিগুড়িতে ১৫০ হেক্টরের ‘নগরবন’ তৈরি ও টেবিল টেনিস দলকে স্পনসরশিপের মতো একগুচ্ছ সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে। তবে এসবের মাঝে আগের তৃণমূল জমানায় চা-বাগানের জমি নীতি নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুলেছেন মন্ত্রী। লিজ হোল্ড জমি ফ্রি-হোল্ড করা এবং জমি ব্যবহারের সীমা বাড়িয়ে ৩০ শতাংশ করার পেছনের রহস্য খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন তিনি। আগামী দিনে এই নয়া নীতির প্রয়োগ ও তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।
