পশুখাদ্য ও জমির পর এবার ‘ডাস্টবিন কেলেঙ্কারি’! ১০ গুণ বেশি দামে ক্রয়ের অভিযোগে তোলপাড় বিহার – এবেলা

এবেলা ডেস্কঃ
পশুখাদ্য, জমি ও আলকাতরা কেলেঙ্কারির স্মৃতি উসকে দিয়ে বিহারের রাজনীতিতে এবার আছড়ে পড়ল ‘ডাস্টবিন কেলেঙ্কারি’। বিহারের শাসকদল এনডিএ-র স্বাস্থ্যদপ্তরের বিরুদ্ধে আবর্জনা ফেলার পাত্র কেনায় বিরাট আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের দ্বিতীয় কন্যা রোহিনী যাদব।
রোহিনীর দাবি, বাজারে যে ডাস্টবিনের দাম সর্বোচ্চ ১,৫০০ টাকা, স্বাস্থ্যদপ্তর তা কিনেছে প্রায় ১০ গুণ বেশি দামে—প্রতিটি ১৫,০০০ টাকায়! সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে তিনি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে এবং বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে তীব্র কটাক্ষ করে প্রশ্ন তোলেন, “১৫ হাজার টাকার ডাস্টবিনের রহস্যটা কী? সাধারণ ডাস্টবিন নাকি সরকারের রাজকোষ ফাঁকা করার নয়া কৌশল?”
অন্যদিকে, শাসকজোট জেডিইউ রোহিনীর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের মুখপাত্র নীরজ কুমারের পাল্টা দাবি, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেই দুর্নীতি প্রমাণিত হয় না। বিধানসভার ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’ (পিএসি)-র চেয়ারপার্সন যেখানে আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র, সেখানে বিরোধীদের উচিত প্রমাণের জন্য ক্যাগ (CAG) বা পিএসি-র দ্বারস্থ হওয়া।
