পাঞ্জাব সীমান্তে BSF-এর বড় অ্যাকশন: ২ পাকি অনুপ্রবেশকারী খতম, ১ জন চম্পট! – এবেলা

এবেলা ডেস্কঃ
পাঞ্জাবের তরন তারন সেক্টরে ভারত-পাকিস্তান সীমান্তে বড়সড় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF)। মাঝরাতে সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা করার সময় BSF-এর গুলিতে মৃত্যু হয়েছে দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীর। তবে বিএসএফ জওয়ানদের ফায়ারিংয়ের মুখে পড়ে অন্য এক অনুপ্রবেশকারী প্রাণ বাঁচাতে পুনরায় পাকিস্তানের দিকে পালিয়ে যায়।
মাঝরাতে কী ঘটেছিল? ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের তরন তারানের রাজোকে সীমান্ত চৌকি (BOP Rajoke) এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ পাকিস্তানের চাট্টানওয়ালে দিক থেকে অন্তত ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে ভারতীয় ভূখণ্ডের দিকে এগোতে দেখা যায়। বিএসএফ জওয়ানরা তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝতে পেরে তাদের থামার জন্য সতর্ক করেন।
সতর্কবার্তা উপেক্ষা করেই এগোনোর চেষ্টা বিএসএফ জওয়ানদের দেওয়া সতর্কবার্তা অমান্য করে অনুপ্রবেশকারীরা ক্রমাগত ভারতীয় সীমানার দিকে এগোতে থাকে। জওয়ানরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা পিছু হটেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গুলি চালায় সীমান্ত নিরাপত্তা বাহিনী।
সীমান্তজুড়ে হাই অ্যালার্ট জওয়ানদের গুলিতে ঘটনাস্থলেই দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। অন্ধকারের সুযোগ নিয়ে তৃতীয় জন তড়িঘড়ি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পালিয়ে যায়। BSF ইতোমধ্যে দুই অনুপ্রবেশকারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পাঞ্জাব সীমান্তজুড়ে বর্তমানে বিএসএফ-এর কড়া নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
