‘পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতে আসব!’ মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
কার্শিয়াং: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় নিশানা করলেন শুভেন্দু অধিকারী। আজ কার্শিয়াঙের এক জনসভা থেকে তোপ দেগে তিনি বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই বলতেন পাহাড়ে নাকি তাঁর ভোট নেই। তাই পাহাড়ে তিনি কেবল পর্যটকদের মতো ঘুরতেই আসতেন। তোলাবাজি, সিন্ডিকেট রাজ আর কাটমানি ছাড়া আগের সরকারের আমলে উত্তরবঙ্গের জন্য আর কিছুই করা হয়নি।”
একই সঙ্গে পাহাড়বাসীকে নতুন বার্তা দিয়ে এদিন শুভেন্দু সাফ জানান, “আমি কিন্তু পাহাড়ে শুধু ঘুরতে আসব না, আমি এখানে কাজ করতে আসব।”
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দুর এই প্রথম উত্তরবঙ্গ সফর ঘিরে রাজনৈতিক পারদ এমনিতেই চড়েছিল। এদিন কার্শিয়াঙের সভা থেকে সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করায় সেই উত্তেজনা আরও বহুগুণ বেড়ে গেল। আগের জমানায় উত্তরবঙ্গের উন্নয়ন থমকে ছিল দাবি করে শুভেন্দু আশ্বাস দেন, এবার পাহাড়ের মানুষ প্রকৃত উন্নয়ন দেখতে পাবেন।
