পাহাড়ে বড় বিপর্যয়ের আশঙ্কা! নেপালের হড়পা বান থেকে শিক্ষা নিয়ে চরম সতর্কবার্তা রাজ্য সরকারের – এবেলা

এবেলা ডেস্কঃ
September 2, 202610:33 am
নেপালের সাম্প্রতিক হড়পা বানের ভয়াবহতা পশ্চিমবঙ্গ সরকারের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। প্রতিবেশী দেশের এই বিপর্যয়কে উত্তরবঙ্গের পাহাড়ের জন্য একটি বড় ‘ওয়েক-আপ কল’ হিসেবে দেখছে প্রশাসন। দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপে জোর দেওয়া হচ্ছে। সূত্রের খবর, পাহাড় ও পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির কাজও দ্রুত শুরু হয়েছে।
উন্নয়নের নামে পাহাড়ের স্বাভাবিক চরিত্র নষ্ট করে বিপদ ডেকে আনা যাবে না বলেই মনে করছে সরকার। নতুন এই পরিকল্পনায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করা, নির্মাণকাজে কড়া নজরদারি রাখা এবং জলনিকাশি ব্যবস্থার উন্নতি ঘটানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া, বর্ষাকালে ধসপ্রবণ বা জল জমার আশঙ্কা রয়েছে এমন স্থানগুলির তালিকা তৈরি করা হচ্ছে। পর্যটনকেন্দ্রগুলিতে যেকোনো জরুরি পরিস্থিতিতে পর্যটকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও খতিয়ে দেখছে প্রশাসন। পাহাড়ে পর্যটন ও পরিকাঠামোর প্রসার ঘটানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখাকেই এখন প্রধান লক্ষ্য করা হয়েছে।
