‘পা ভাঙেনি, সব নাটক!’ ২০২১-এর নন্দীগ্রাম কাণ্ড নিয়ে বিস্ফোরক প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ার ঘটনা নিয়ে ফের তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঘটনার দীর্ঘ সময় পর এই বিষয়ে বিস্ফোরক দাবি করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এক নির্বাচনী প্রচার সভা থেকে তিনি দাবি করেন, সেদিন বিরুলিয়ার ঘটনায় মমতার পায়ে আদৌ কোনো ফ্র্যাকচার বা হাড় ভাঙেনি। সামান্য চোট লাগলেও রাজনৈতিক সুবিধা নিতে পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইলচেয়ারে প্রচার চালিয়েছিলেন তিনি।
শুভেন্দুর আরও দাবি, তাঁর হাতে এই ঘটনার চিকিৎসাসংক্রান্ত নির্ভরযোগ্য কাগজ ও প্রমাণ রয়েছে, যেখানে স্পষ্ট লেখা রয়েছে ‘নো ফ্র্যাকচার’। ভবিষ্যতে উপযুক্ত চ্যালেঞ্জ ছুড়লে তিনি সেই গোপন নথি জনসমক্ষে নিয়ে আসবেন বলে হুংকার দিয়েছেন। পাশাপাশি, অতীতের ওই ঘটনা দিয়ে নন্দীগ্রামবাসীকে অপমান করা হয়েছিল বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর এই চাঞ্চল্যকর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
