পিএফ গ্রাহকদের মাথায় হাত! নতুন নিয়মে ২০ দিন ধরে আটকে লক্ষ লক্ষ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর গ্রাহকরা বর্তমানে টাকা তুলতে গিয়ে তীব্র ভোগান্তির মুখে পড়েছেন। পিএফ থেকে টাকা তোলার জন্য আবেদন করার পর গত ২০ দিনেরও বেশি সময় ধরে লক্ষ লক্ষ গ্রাহকের ক্লেম মাঝপথেই আটকে রয়েছে। পরিষেবা সচল না হওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে।
কেন হঠাৎ তৈরি হলো এই চরম জটিলতা?
ইপিএফও-র পরিষেবা আরও উন্নত ও দ্রুত করতে একটি নতুন ‘সেন্ট্রালাইজড আইটি এনেবেলড সিস্টেম’ চালু করা হয়েছে। উদ্দেশ্য ছিল, পিএফ ক্লেম মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে (Auto-process) মেটানো। কিন্তু এই নতুন সিস্টেম কার্যকর করতে গিয়েই দেখা দিয়েছে মারাত্মক কারিগরি ত্রুটি।
তাছাড়া, ইপিএফও অফিসে তীব্র কর্মীসংকট এবং কিছু প্রাতিষ্ঠানিক সমস্যার কারণে কাজ আরও ধীরগতির হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে, কেন আবেদনগুলি আটকে রয়েছে বা ক্লেমের বর্তমান স্ট্যাটাস কী—সে বিষয়ে ফিল্ড অফিসারদের কাছেও কোনো স্পষ্ট তথ্য নেই।
কেন্দ্রীয় শ্রম মন্ত্রকে চিঠি পাঠালো অফিসার্স অ্যাসোসিয়েশন:
পরিস্থিতি হাতছাড়া হয়ে পড়ায় গত ৩ আগস্ট ‘ইপিএফও অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে সরাসরি কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকে চিঠি পাঠানো হয়েছে।
সংস্থা সূত্রে জানা গেছে, এই নতুন আইটি প্রজেক্টটি ২০২৩ সালে চালু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে চলতি বছরের জুলাই মাসে চালু করা হয়। পর্যাপ্ত প্রস্তুতি ও টেকনিক্যাল চেকিং ছাড়া তড়িঘড়ি সিস্টেম চালু করায় এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে দাবি অভিজ্ঞ মহলের। দ্রুত এই প্রযুক্তিগত ত্রুটি শুধরে গ্রাহকদের বকেয়া টাকা মেটানোর দাবি জানানো হচ্ছে।
