পিতা-মাতার স্নেহ কি তবে বিক্রি হয়? ৭০ হাজারে নিজের সন্তানকে বেচে কড়া শাস্তির মুখে মা! – এবেলা

পিতা-মাতার স্নেহ কি তবে বিক্রি হয়? ৭০ হাজারে নিজের সন্তানকে বেচে কড়া শাস্তির মুখে মা! – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও থেকে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। দারিদ্র্য নাকি কোনো চক্রের প্রলোভন—তা এখনও স্পষ্ট নয়, তবে মাত্র ৭০,০০০ টাকার বিনিময়ে নিজের পাঁচ দিনের নিষ্পাপ নবজাতককে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পুলিশি তদন্তে বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত মা ফারজানা চাঁদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি তাকে স্থানীয় আদালতে হাজির করা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

তদন্তকারীদের সূত্রে খবর, স্বামী পরিত্যক্তা ফারজানা গত জুলাই মাসে সন্তান জন্ম দেন। সম্প্রতি পুলিশের এক মামলার তদন্ত চলাকালীন তার মাতৃত্বকালীন স্বাস্থ্য ফাইল হাতে আসায় ঘটনার মোড় ঘোরে। শিশুটির বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখে ফারজানা স্বীকার করেন যে তিনি সন্তানকে বিক্রি করে দিয়েছেন।

পাওয়ারওয়াড়ি থানার পুলিশ এই অমানবিক কাণ্ডে ফারজানাসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তদন্তের পর প্রাথমিক ইঙ্গিত মিলছে—এই চক্রের শিকড় তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। উদ্ধার করা সম্ভব হয়নি সেই নবজাতককে, তবে পাচার চক্রের বাকি সদস্যদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

অন্য দিকে, ফারজানার আইনজীবী পুলিশের সমস্ত অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন। তার দাবি, ভুয়া নথির ওপর নির্ভর করে পুলিশ মামলা সাজিয়েছে। তবে আইন ও প্রমাণের এই লড়াইয়ের মাঝেই মাত্র ৭০ হাজার টাকায় নিষ্পাপ শিশুবিক্রির ঘটনা পুরো মালেগাঁও জুড়ে এক তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *