পিরিয়ডের আগে মিষ্টি খাওয়ার প্রবণতা: কারণ ও প্রতিকার

পিরিয়ডের আগে মিষ্টি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার তীব্র ইচ্ছা অনেকের মধ্যেই দেখা যায়। চিকিৎসকদের মতে, এর প্রধান কারণ হলো শরীরে হরমোনের ভারসাম্যহীনতা। পিরিয়ডের সাত থেকে দশ দিন আগে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে এবং প্রোজেস্টেরন বাড়ে। ইস্ট্রোজেন কমে যাওয়ায় মস্তিষ্কে সেরোটোনিন বা 'হ্যাপি হরমোন'-এর মাত্রাও হ্রাস পায়, ফলে মেজাজ খিটখিটে হয় বা ক্লান্তি আসে। এই ঘাটতি পূরণে মস্তিষ্ক মিষ্টি খাওয়ার সংকেত পাঠায়।
গবেষণায় দেখা গেছে, পিরিয়ডের আগের লুটিয়াল ফেজে মহিলাদের বেসাল মেটাবলিক রেট ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়, ফলে শরীর বেশি ক্যালোরি পোড়ায় এবং খিদে বাড়ে। ঘুমের অভাবের কারণে খিদের হরমোন গ্রেলিন বেড়ে যায় এবং পেট ভরার হরমোন লেপটিন কমে যায়, যা বারবার খাওয়ার প্রবণতা তৈরি করে। মানসিক চাপ বা উদ্বেগ থেকেও অনেকে ইমোশনাল ইটিংয়ের দিকে ঝুঁকে পড়েন।
এই সমস্যা নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। চিনির বদলে খেজুর, ডার্ক চকোলেট, ফল বা ভাজা মাখানা খাওয়া যেতে পারে। ডায়েটে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ডিম, ডাল, দই ও ওটস রাখলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে। পর্যাপ্ত জল পান করা এবং হাঁটা বা গান শোনার মতো অভ্যাসও কার্যকর হতে পারে। তবে ওভারইটিং নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা পিরিয়ড অনিয়মিত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, কারণ এটি পিসিওএস বা থাইরয়েডের লক্ষণও হতে পারে।
