‘পিসি-ভাইপো মিলে লুটপন্থী!’ অভিষেকের বিদেশযাত্রা নিয়ে বিস্ফোরক রুদ্রনীল – এবেলা
এবেলা ডেস্কঃ
রুদ্রনীল ঘোষকে নতুন দায়িত্বে বসিয়েছে সরকার। রাজ্য সরকারের ‘ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, স্পোর্টস অ্যান্ড ইয়ুথ সার্ভিস’ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন তিনি। এই গুরুদায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আগের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। রুদ্রনীল বলেন, আগের সরকারের আমলে এই কমিটিগুলোকে সঠিকভাবে কাজে লাগানো হয়নি এবং তাদের নীতি ছিল শুধু নিজেদের পকেট ভরানো। তথ্য ও সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ বিভাগের সাথে সাধারণ মানুষের আবেগ জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার অনুমতি সংক্রান্ত বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রুদ্রনীল বলেন, কে কোথায় গেল তা নিয়ে তাঁর মাথা ঘামানোর সময় নেই। তিনি জানান, বর্তমান সরকারের প্রতিনিধি হিসেবে তাঁকে পাহাড় প্রমাণ পরিশ্রম করতে হচ্ছে এবং মানুষের কাজ করাই তাঁর প্রধান দায়িত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এবং সংবাদমাধ্যমের একাংশ আলোচনা করছে বলে দাবি করেন তিনি। এছাড়া বিরোধীদের দমনের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে রুদ্রনীল বিস্ফোরকভাবে মন্তব্য করেন যে, আগের সরকার শুধু লুটপাট চালিয়েছিল এবং পিসিপন্থী ও ভাইপোপন্থীদের মূল মিল হলো তারা আসলে লুঠপন্থী।
