পুকুরে অন্নপূর্ণার ফর্ম! টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের – এবেলা

পুকুরে অন্নপূর্ণার ফর্ম! টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন পর্ব শেষ হওয়ার পর ১৭ আগস্ট থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে। তবে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ধামুয়া দক্ষিণ পঞ্চায়েতের বহু মহিলার অ্যাকাউন্টে বুধবার পর্যন্ত টাকা না ঢোকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ মহিলারা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন এবং কর্মীদের রাত পর্যন্ত আটকে রেখে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা অফলাইনে সঠিকভাবে ফর্ম পূরণ করে পঞ্চায়েতে জমা দিয়েছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে, সেই ফর্মের তথ্য অনলাইনে আপলোড না করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ফলে যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের অ্যাকাউন্টে অর্থ জমা পড়েনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দিয়ে জানানো হয়েছে, যোগ্য আবেদনকারীদের প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন এবং অ্যাকাউন্টে টাকা না ঢোকার বিষয়টি খতিয়ে দেখা হবে। একই সঙ্গে জানানো হয়, রাজ্যজুড়ে ধাপে ধাপে সব উপভোক্তার কাছে টাকা পৌঁছাতে ৩-৪ দিন সময় লাগতে পারে।

অন্যদিকে, কুলপিতে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে জমা পড়ায় উল্টো ছবি দেখা গেছে। সেখানে আনন্দ মিছিল বের করে মহিলারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল (https://socialregistry.wb.gov.in/) খুলে দেওয়া হয়েছে। আবেদনকারীরা এখন অনলাইনেই তাঁদের আবেদনের বর্তমান স্থিতি যাচাই করতে পারবেন। আবেদন বাতিল হলে পুনরায় আবেদনের সুযোগ থাকবে, পাশাপাশি কোনো অযোগ্য ব্যক্তি সুবিধা পেলে সঠিক তথ্যসহ অভিযোগও জানানো যাবে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *