পুকুর দখলের অভিযোগ! মারধর ও শ্লীলতাহানির দায়ে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর – এবেলা

এবেলা ডেস্কঃ
বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস ও তাঁর সঙ্গী প্রোমোটার ভোলা সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবীন্দ্রনগর এলাকায় আস্ত একটি পুকুর দখলের ঘটনায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে অঞ্জন দাসের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বকলমে এলাকার যাবতীয় অনৈতিক কার্যকলাপ ও প্রোমোটিং সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন তিনিই। বর্তমানে তাঁর স্ত্রী সংহিতা দাস ওই ওয়ার্ডের কাউন্সিলর হলেও, এলাকায় অঞ্জন দাসের প্রভাবই ছিল অপ্রতিদ্বন্দ্বী।
পুকুর দখলের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা সুশান্ত ঘোষ ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর হামলার অভিযোগ ওঠে। মারধর ও শ্লীলতাহানির অভিযোগে পর্ণশ্রী থানায় মামলা দায়ের হয়। আদালতের নির্দেশে তদন্তে নেমে গত শুক্রবার রাতে প্রাক্তন কাউন্সিলর ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
