‘পুজোয় আমিষ খেলেই পাষণ্ড!’— বাংলায় পা রেখেই বাগেশ্বর বাবার ফতোয়ায় তুমুল তোলপাড় – এবেলা

‘পুজোয় আমিষ খেলেই পাষণ্ড!’— বাংলায় পা রেখেই বাগেশ্বর বাবার ফতোয়ায় তুমুল তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল সরকারের নানাবিধ বাধা পেরিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে পা রাখলেন দেশের বহুল আলোচিত ধর্মগুরু ‘বাগেশ্বর বাবা’ ওরফে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তবে বঙ্গে পা দিয়েই তিনি জড়িয়ে পড়লেন নতুন বিতর্কে। দুর্গাপুজোয় আমিষ আহার নিয়ে বিতর্কিত ফতোয়া জারি করে তিনি সাফ জানান, যাঁরা পুজোর সময়ে আমিষ খান, তাঁরা প্রকৃতপক্ষে ‘পাষণ্ড’। শুধু ধর্মীয় বিষয়েই নয়, রাজ্যের বর্তমান রাজনীতি নিয়েও মুখ খুলেছেন তিনি। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে এখন আর ‘বাবরওয়ালি’ নয়, বরং ক্ষমতায় রয়েছেন ‘রঘুবীরওয়ালারা’।

মধ্যপ্রদেশের ছতরপুর জেলার গড়া গ্রামের এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম ধীরেন্দ্রকৃষ্ণ গর্গের। ঠাকুরদার কাছে রামচরিতমানস পাঠের মাধ্যমে বাল্যকালে তাঁর হাতেখড়ি হলেও, পরবর্তীতে গড়া গ্রামের নির্মোহী আখড়ার পাশে ‘দৈব দরবার’ বসিয়ে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘বাগেশ্বর বাবা’ হিসেবে। তাঁর দাবি, ভক্তরা মুখ খোলার আগেই কাগজের চিরকুটে তাঁদের মনের কথা লিখে দেওয়ার অলৌকিক ক্ষমতা রয়েছে তাঁর। বর্তমানে প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তি এবং দেশজুড়ে বিপুল জনপ্রিয়তার অধিকারী এই ধর্মগুরু প্রতি অনুষ্ঠানে আড়াই থেকে সাড়ে তিন লাখ টাকা পারিশ্রমিক নেন।

অলৌকিক ক্ষমতার পাশাপাশি বাগেশ্বর বাবার মন্তব্য বরাবরই বিতর্কের জন্ম দিয়েছে। অতীতে এনসিইআরটি-র পাঠ্যপুস্তকে ‘লভ জিহাদ’ প্রসঙ্গ আনা, সাঁইবাবা ও ছত্রপতি শিবাজীকে নিয়ে মন্তব্য কিংবা যুক্তিবাদী শ্যাম মানবের খোলা চ্যালেঞ্জ— নানা বিষয়েই তিনি শিরোনামে এসেছেন। এমনকি তাঁর ভাইয়ের বিরুদ্ধে ওঠা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ নিয়েও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল।

বঙ্গ সফরে এসে শুভেন্দু অধিকারীর উষ্ণ আতিথেয়তায় আপ্লুত বাগেশ্বর বাবা দাবি করেন, পশ্চিমবঙ্গ বর্তমানে সম্পূর্ণ সুরক্ষিত হাতে রয়েছে এবং খুব শীঘ্রই এখানে ‘রামরাজ্য’ প্রতিষ্ঠিত হবে। রাজনীতি থেকে শুরু করে পুজোয় আহারের নিদান— বাগেশ্বর বাবার এই একের পর এক বিস্ফোরক বয়ান ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতি ও জনমানসে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *