পুজোয় সারারাত জলের ফোয়ারা! শহরবাসীকে বড় স্বস্তি দিয়ে কলকাতা পুরসভাকে কড়া নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোর আনন্দকে দ্বিগুণ করতে কলকাতাবাসীর জন্য এল এক বড় সুখবর। উৎসবের দিনগুলিতে শহরজুড়ে সারারাত পানীয় জল সরবরাহ চালু রাখার জন্য সরাসরি নির্দেশ দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কুঁদঘাটের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে এই ঘোষণা করে তিনি জানান, পুজোর কদিন গভীর রাত কিংবা ভোরবেলায় জল সংক্রান্ত কোনো সমস্যা সহ্য করা হবে না। এই বিষয়ে প্রয়োজনীয় ও দ্রুত পদক্ষেপ নিতে পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন তিনি।
মন্ত্রী আরও জানান, অতীতে পুজোর সময় রাতে নির্দিষ্ট কিছু সময়ে জল সরবরাহ বন্ধ থাকার ফলে সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তাদের নানা সমস্যায় পড়তে হতো। সেই বৈষম্য দূর করতেই এবার নির্দেশ দেওয়া হয়েছে যাতে সকাল ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পানীয় জল সরবরাহ অব্যাহত থাকে। পাশাপাশি, পুজোর আনন্দ বজায় রাখতে মণ্ডপ এলাকায় জঞ্জাল সাফাইয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পুজো কমিটিগুলির সুবিধার্থে পর্যাপ্ত ডাস্টবিন প্রদান এবং প্রবীণ ও বিশেষ সক্ষম ব্যক্তিদের জন্য মণ্ডপে র্যাম্প তৈরির নির্দেশও দিয়েছেন পুরমন্ত্রী।
