পুজোয় সিকিম যাওয়ার পরিকল্পনা? অফলাইন বুকিংয়ে কড়া নিষেধাজ্ঞা, চালু হল নতুন নিয়ম – এবেলা

পুজোয় সিকিম যাওয়ার পরিকল্পনা? অফলাইন বুকিংয়ে কড়া নিষেধাজ্ঞা, চালু হল নতুন নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন পুজোর ছুটিতে সিকিম ভ্রমণের পরিকল্পনা থাকলে পর্যটকদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সিকিম সরকারের পর্যটন ও অসামরিক বিমান চলাচল বিভাগ সমস্ত হোটেল, রিসর্ট, হোমস্টে, সার্ভিস অ্যাপার্টমেন্ট এবং রেস্তরাঁ বুকিংয়ের ক্ষেত্রে প্রচলিত অফলাইন বা কাগজভিত্তিক প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ, মঙ্গলবার থেকে প্রশাসনিক প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত করার লক্ষ্যে সমস্ত আবেদন শুধুমাত্র অনলাইনেই গ্রহণ করা হবে। এখন থেকে আর সশরীরে গিয়ে বা কাগজের নথিপত্র জমা দিয়ে বুকিং করার কোনো সুযোগ থাকছে না।

নতুন এই ডিজিটাল ব্যবস্থায় সমস্ত আবেদন ‘সিঙ্গেল সাইন-অন’ পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে এবং প্রচলিত ব্যাংক রসিদ ব্যবস্থার পরিবর্তে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করা হয়েছে। পেমেন্টের জন্য সাউন্ড-বক্স সহ কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক করা হয়েছে এবং ডিজিটাল রসিদই একমাত্র পেমেন্ট প্রমাণ হিসেবে গণ্য হবে। তবে ট্রাভেল এজেন্ট, অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটর, ট্যুরিস্ট গাইড এবং রাঁধুনিদের মতো কিছু নির্দিষ্ট পরিষেবার ক্ষেত্রে আপাতত পুরনো নিয়মেই সরাসরি আবেদন জমা দেওয়ার পদ্ধতি বহাল রাখা হয়েছে। সিকিম প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের এই নতুন নিয়মগুলি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *