পুজোর মুখে এক লাফে বাড়ল রান্নার গ্যাসের দাম, রেস্তোরাঁয় খাওয়া কি এবার আরও মহার্ঘ? – এবেলা

পুজোর মুখে এক লাফে বাড়ল রান্নার গ্যাসের দাম, রেস্তোরাঁয় খাওয়া কি এবার আরও মহার্ঘ? – এবেলা

এবেলা ডেস্কঃ

উৎসবের মাস শুরু হতেই গ্যাসের দাম বৃদ্ধির খবরে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। ১ অক্টোবর মধ্যরাত থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৭০ টাকা বাড়ানো হয়েছে। ফলে শহরে এই সিলিন্ডারের নতুন দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ৯৫৪ টাকায়। চলতি বছরে কয়েকবার দাম কমার পর গত সেপ্টেম্বরে তা ফের ঊর্ধ্বমুখী হয়। এবার অক্টোবরের শুরুতেই আরও এক লাফে দাম অনেকটাই বাড়ল। তবে কিছুটা স্বস্তির খবর হলো, গৃহস্থালির ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম আগের মতোই ৯৬৮ টাকায় অপরিবর্তিত থাকছে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। ঠিক এই সময়ে বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে চলেছে হোটেল, রেস্তোরাঁ ও ক্যাফেগুলির ওপর। জ্বালানির খরচ বাড়ায় পুজোয় বাইরে খাওয়ার খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। প্রভাব পড়বে মিষ্টির দোকানগুলিতেও। এছাড়া পুজো শেষ হতেই শুরু হবে বিয়ের মরশুম। ফলে ক্যাটারিংয়ের ক্ষেত্রেও অতিরিক্ত খরচের বোঝা সাধারণ মানুষের কাঁধেই চাপবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *