পুজোর মুখে খাঁ খাঁ সোনাগাছি! অর্ধেক খদ্দের উধাও হওয়ায় গভীর দুশ্চিন্তায় যৌ*নকর্মীরা

এশিয়ার বৃহত্তম যৌনপল্লি কলকাতার সোনাগাছিতে দুর্গাপুজোর প্রাক্কালে দেখা দিয়েছে মারাত্মক মন্দা। গত কয়েক মাস ধরে সেখানে গ্রাহক সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। যৌনপল্লির অন্দরে বেড়ে চলা ছিনতাই, লুটপাট এবং গ্রাহকদের হেনস্তার ঘটনার কারণেই এই বিপর্যয়। অভিযোগ উঠেছে, একটি চক্র সোনাগাছিতে আসা গ্রাহকদের আটকে টাকা ও মূল্যবান সামগ্রী লুট করছে। এর ফলে উত্তর কলকাতার এই ঐতিহ্যবাহী যৌনপল্লিতে পা রাখতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে পুজোর আগের ব্যবসায়।
এই পরিস্থিতির কথা স্বীকার করে নিয়ে দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সামগ্রিকভাবে যৌনকর্মীদের রুজিরুটিতে বড়সড় টান পড়ছে। কমিটির তথ্য অনুযায়ী, এই চক্রের দৌরাত্ম্যে প্রায় ৫০ শতাংশ গ্রাহক কমে গেছে। এদিকে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের সুনির্দিষ্ট অভিযোগ থানায় জমা না পড়ায় কার্যকর পদক্ষেপ করা যাচ্ছে না। পুজোর মতো উৎসবের মরসুমেও এমন অনিশ্চয়তার জেরে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এখানকার হাজার হাজার যৌনকর্মী।
