পুজো কমিটির দখল ঘিরে ধুন্ধুমার বারুইপুরে, বিজেপি কর্মী খুনে ধৃত নিলম্বিত পদ্মনেতা-সহ ৪! – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে অন্যতম হলেন দল থেকে নিলম্বিত (সাসপেন্ডেড) বিজেপি নেতা সুজন মণ্ডল। পাশাপাশি কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল ও অনিল নাইয়া নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, উত্তর ট্যাঙ্গারবেড়িয়ার একটি স্থানীয় দুর্গাপুজো কমিটির নিয়ন্ত্রণ ও দখল নেওয়াকে কেন্দ্র করে গত রবিবার এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারপিট ও গোলমাল হয়। ওই রাতেই বাপি প্রামাণিককে ফোনে ডেকে এনে স্ত্রীর সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। নিহতের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের মূল চক্রী সুজন মণ্ডল এবং তাঁরই পরিকল্পনায় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।
রবিবার রাতের ঘটনার তদন্তে নেমে পুলিশ সোমবারই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীকালে সুজন-সহ চারজনকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, অভিযুক্ত সুজন মণ্ডলকে ঘটনার অনেক আগেই দল থেকে বরখাস্ত করা হয়েছিল এবং এই ঘটনার পেছনে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। খুনের আসল কারণ ও এতে কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে বারুইপুর থানার পুলিশ।
