পুত্রবধূ ‘কালা জাদু’ করেন! সন্দেহে কুপিয়ে খুন করে কুয়োয় ঝাঁপ শ্বশুরের – এবেলা

এবেলা ডেস্কঃ
September 14, 20267:33 am
নাগপুরের যশোধারানগর এলাকায় ‘কালা জাদু’র অন্ধ সন্দেহে এক পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর শ্বশুরের বিরুদ্ধে। ঘটনার পরে বাড়ির পেছনের একটি কুয়োয় ঝাঁপ দেন অভিযুক্ত শ্বশুর নাথুলাল পালি। পুলিশ তাঁকে উদ্ধার করে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মৃত মহিলার নাম লক্ষ্মী রবিশঙ্কর পালি (৪২)। তাঁর স্বামী প্রায় তিন বছর আগে মারা যান। এরপর থেকেই শ্বশুর নাথুলালের সঙ্গে তাঁর নানা বিষয়ে বিরোধ শুরু হয়। গত শনিবার কাপড় কাটার সময় লক্ষ্মীর সঙ্গে ফের তুমুল বচসা বাধে নাথুলালের। সেই ক্ষিপ্ত অবস্থাতেই কুঠার দিয়ে লক্ষ্মীর মাথায় আঘাত করেন তিনি, যার ফলে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাথুলাল প্রায়শই অসুস্থ বোধ করতেন এবং তাঁর এই অসুস্থতার জন্য পুত্রবধূকে দায়ী করতেন। তাঁর জোরালো বিশ্বাস ছিল, লক্ষ্মী তাঁর উপর ‘কালা জাদু’ প্রয়োগ করছেন এবং এমনকি তাঁর ছেলের মৃত্যুর পিছনেও একই কারণ রয়েছে। এই সন্দেহ থেকেই দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে অশান্তি চলত। হত্যার পর অভিযুক্ত কুয়োয় ঝাঁপ দিলেও দমকল ও পুলিশের তৎপরতায় তাঁকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
