পুনে থেকে ওড়ার পরই যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

পুনে থেকে ওড়ার পরই যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

পুনে থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর একটি বিমান মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট লক্ষ্য করেন যে, ল্যান্ডিং গিয়ার বা চাকা গুটিয়ে নেওয়া যাচ্ছে না। এই গুরুতর প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুনে বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

জরুরি পরিস্থিতির খবর পেয়ে বিমানবন্দরে দমকলের তিনটি ইঞ্জিন, দুটি অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য জরুরি পরিষেবাকে প্রস্তুত রাখা হয়। বিমানটি নিরাপদে নামার আগে রানওয়ের উপর দিয়ে নিচু দিয়ে একবার উড়ে যায়, যাতে বিশেষজ্ঞরা ল্যান্ডিং গিয়ারের অবস্থা সরাসরি পরীক্ষা করতে পারেন। সব দিক খতিয়ে দেখার পর সকাল ৯টা ৪ মিনিটে বিমানটি পুনে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানটিতে থাকা ১৯২ জন যাত্রী ও কর্মীর প্রত্যেকেই সুরক্ষিত আছেন এবং কারও আহত হওয়ার খবর নেই। অবতরণের পর সকাল ৯টা ১০ মিনিটে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বেঙ্গালুরু থেকে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। বর্তমানে বিমানটি রক্ষণাবেক্ষণ ও পরীক্ষার মধ্যে রয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই এটি আবার যাত্রীবাহী পরিসেবায় ফিরবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *