পুরসভায় গণ-ইস্তফার হিড়িক! বোলপুরে সরলেন কেষ্ট-ঘনিষ্ঠ, কাটোয়ায় টলমল তৃণমূল – এবেলা

পুরসভায় গণ-ইস্তফার হিড়িক! বোলপুরে সরলেন কেষ্ট-ঘনিষ্ঠ, কাটোয়ায় টলমল তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

বোলপুর/কাটোয়া: দলের অন্দরে এবার গণ-ইস্তফার বড়সড় ধাক্কা! বীরভূমের বোলপুর এবং পূর্ব বর্ধমানের কাটোয়া— দুই পুরসভাতেই তৃণমূলের একের পর এক জনপ্রতিনিধির পদত্যাগে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

বোলপুরে ইস্তফা অনুব্রত-ঘনিষ্ঠের:

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার বোলপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন পর্ণা ঘোষ। তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের স্ত্রী পর্ণা এলাকায় অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। এদিন মহকুমাশাসক অনিমেষকান্তি মান্নার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি জানিয়েছেন, আগামী সোমবার তিনি কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দেবেন।

গণ-ইস্তফায় কাটোয়ায় পতন-শঙ্কা:

অন্যদিকে, কাটোয়া পুরসভায় কাউন্সিলরদের গণ–ইস্তফায় কার্যত পুরবোর্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাটোয়ার মহকুমাশাসক অনির্বাণ বসুর কাছে আরও সাত জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগপত্র জমা দেন। এক সপ্তাহ আগেই চেয়ারম্যান–সহ তিন জন ইস্তফা দিয়েছিলেন। ২০ আসনের এই পুরসভায় ইতিমধ্যেই ন’জন সদস্য পদত্যাগ করায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে।

পদত্যাগের আসল কারণ কী?

ইস্তফাপত্রে ‘ব্যক্তিগত ও শারীরিক’ কারণ দেখানো হলেও আসল সত্য যে অন্য, তা বুঝিয়ে দিয়েছেন সদ্য পদত্যাগী কাউন্সিলর বিজন সাহা। বিস্ফোরক বয়ানে তিনি স্পষ্ট জানান, ‘মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে। তাই আমরা পদত্যাগ করলাম।’ লোকসভা ভোটের পর এই গণ-ইস্তফার জেরে জোড়াফুল শিবিরের অস্বস্তি যে বহুগুণ বাড়ল, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *