পুরুলিয়ায় মাঝরাস্তায় স্ত্রীকে এলোপাথাড়ি ছুরির কোপ! সিসিটিভিতে হাড়হিম করা দৃশ্য, আশঙ্কাজনক মহিলা – এবেলা

পুরুলিয়ায় মাঝরাস্তায় স্ত্রীকে এলোপাথাড়ি ছুরির কোপ! সিসিটিভিতে হাড়হিম করা দৃশ্য, আশঙ্কাজনক মহিলা – এবেলা

এবেলা ডেস্কঃ

পুরুলিয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের মাহাতোপাড়া এলাকায় মঙ্গলবার এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। পারিবারিক বিবাদের জেরে মাঝরাস্তায় স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত মহিলাকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনাটি এলাকাটির সিসিটিভি (CCTV) ক্যামেরায় বন্দী হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আক্রান্ত মহিলার নাম মৌসুমী লোহার ওরফে ঝুমা (৩৫-৩৬)। বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে কলহের কারণে তিনি ১৬ নম্বর ওয়ার্ডের শিমুলঘুটা এলাকায় নিজের বাপেরবাড়িতে থাকছিলেন। সংসারের খরচ চালাতে গত তিন মাস ধরে তিনি একটি আটাকলে কাজ শুরু করেন। অভিযোগ, সোমবার রাতে স্বামী বীরু লোহার মেয়েকে ফোন করে নাতিকে মেরে ফেলার হুমকি দেয়। ভয়ে মেয়ে ও নাতি অন্যত্র লুকিয়ে পড়লে, মঙ্গলবার বীরু স্ত্রী মৌসুমীর কর্মস্থলে গিয়ে উপস্থিত হয় এবং নিরাপত্তারক্ষীকে দিয়ে তাঁকে বাইরে ডেকে পাঠায়।

মৌসুমী বাইরে আসামাত্রই পকেট থেকে ধারালো ছুরি বের করে তাঁর ওপর আক্রমণ চালায় বীরু। সেই সময় এক স্থানীয় যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে বীরুর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে টেনে সরিয়ে দেন। যুবকের সাহসিকতার কারণেই প্রাণ বেঁচে যায় মৌসুমীর। পরে স্থানীয় বাসিন্দারা একত্র হয়ে অভিযুক্ত বীরুকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মৌসুমীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ অভিযুক্ত স্বামী বীরু লোহারকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *