পোস্ট অফিসে ফ্রি ওয়াইফাই আর চা-কফির ধোঁয়া! তরুণদের টানতে বাংলায় শুরু ‘নেক্সট জেন’ বিপ্লব! – এবেলা

এবেলা ডেস্কঃ
জেন-জি সহ তরুণ প্রজন্মকে ডাক ব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত করতে পশ্চিমবঙ্গ সার্কেলে চালু হলো অভিনব ‘নেক্সট জেন’ পোস্ট অফিস। প্রাথমিক পর্যায়ে খড়গপুর আইআইটি, কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং কল্যাণীর মোট পাঁচটি ডাকঘরকে এই আধুনিক রূপ দেওয়া হয়েছে। প্রতিটিতে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই কেন্দ্রগুলোতে মিলবে ফ্রি ওয়াইফাই, প্রিন্টিং সুবিধা, আধুনিক বসার ব্যবস্থা এবং চা-কফির মেলবন্ধন। ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার এবং দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায়ের মতে, তরুণদের জন্য আকর্ষণীয় পরিবেশ তৈরি করে চিঠি লেখা ও ডাক পরিষেবায় তাঁদের আগ্রহী করে তোলাই মূল উদ্দেশ্য।
জাতীয় ডাক সপ্তাহ উদযাপনের পাশাপাশি ই-কমার্স খাত ও সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ডাক বিভাগ। দুর্গাপুজোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য স্মরণে বিশেষ কভার প্রকাশের পাশাপাশি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে একাধিক সরকারি প্রকল্পের চুক্তি হয়েছে। স্বাস্থ্য খাতে ‘আয়ুষ্মান ভারত’ কার্ড বিতরণ এবং বিদ্যুৎ নিগমের সঙ্গে সৌরশক্তির তথ্য কৃষকদের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে ডাক বিভাগের লজিস্টিক ব্যবস্থার মাধ্যমে সরাসরি কৃষকদের হাতে বীজ পৌঁছে দেওয়ার পরিকল্পনাও গৃহীত হয়েছে। আগামী দিনে বালিগঞ্জ ও শরৎ বসু রোডের মতো ডাকঘরগুলোকেও একইভাবে অত্যাধুনিক করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
