প্রথাগত রাজনীতি বদলে দিতে পারে জেন জি, প্রতিবাদকে গণতান্ত্রিক অধিকার বলে বড় বার্তা দিলেন মোহন ভাগবত! – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশজুড়ে জেন জি আন্দোলন ক্রমশ তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের পাশে দাঁড়ানোর স্পষ্ট বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। যন্তর মন্তর থেকে শুরু করে রাঁচি পর্যন্ত এই প্রজন্মের আন্দোলন প্রথাগত রাজনৈতিক ব্যবস্থার সামনে এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেটের সঙ্গে বেড়ে ওঠা তরুণদের এই অসন্তোষ এবং তাৎক্ষণিক দাবিদাওয়ার ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। পরিস্থিতি যখন জটিল, তখন সংঘপ্রধান এই আন্দোলনকে দমনের বদলে এর মধ্যে থাকা সংস্কারের দাবিকে যৌক্তিক বলে স্বীকৃতি দিয়েছেন।
একটি অনুষ্ঠানে জেন জি এবং স্কুলপড়ুয়া জেন আলফার সঙ্গে মতবিনিময়কালে মোহন ভাগবত আন্দোলনকারীদের দেশবিরোধী তকমা দেওয়ার তীব্র সমালোচনা করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে এবং তা কখনোই দেশবিরোধী নয়। তরুণ সমাজের ক্ষোভ ও প্রতিবাদের ভাষাকে আলোচনার মাধ্যমে সর্বসম্মতি গড়ার প্রক্রিয়া হিসেবে দেখছেন তিনি। প্রথাগত নেতৃত্বের ধারণার পরিবর্তন ঘটিয়ে পিছন থেকে নতুন নেতৃত্ব তৈরি করার ওপরও জোর দিয়েছেন সংঘপ্রধান, যা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
