প্রয়াত মালদার প্রাক্তন বিধায়ক আবু নাসের খান চৌধুরী

মালদার প্রাক্তন বিধায়ক আবু নাসের খান চৌধুরী প্রয়াত হয়েছেন। ‘লেবুবাবু’ নামে পরিচিত এই প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে মালদা তথা রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণের খবর কোতোয়ালি ভবনে পৌঁছাতেই পরিবার ও অনুরাগীদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিনের পরিচিত পরিচারিকা মল্লিকা দাসও তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী আবু নাসের খান চৌধুরী ১৯৫১ সালে মালদা কলেজ থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৬ সালে স্নাতক সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিয়ে ১৯৬৫ সালে লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, ১৯৭৬ সালে লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং ১৯৮৬ সালে জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। গনি খান চৌধুরীর পরিবারের সদস্য হিসেবে তিনি কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন।
২০০৯ সালের উপনির্বাচনে সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হন তিনি। ২০১১ সালের নির্বাচনেও তিনি একই আসন থেকে জয়ী হন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং সাংসদ ইশা খান চৌধুরী। তাঁরা প্রয়াতের স্মৃতিচারণ করে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত অবদানের কথা স্মরণ করেছেন। মালদার সমাজজীবনে তাঁর অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।
