প্রযুক্তিগত বিভ্রাটে বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বাতিল দু’হাজারের বেশি উড়ান

প্রযুক্তিগত বিভ্রাটে বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বাতিল দু’হাজারের বেশি উড়ান

আমেরিকার বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশজুড়ে বিমান পরিষেবা দীর্ঘ সময় ব্যাহত হয়েছে। মার্কিন পরিবহণসচিব সিন ডাফি জানিয়েছেন, সুইচ এবং রাউটারে অতিরিক্ত চাপের ফলে অন্তত ২২টি এটিসি সেন্টারে এই সমস্যা তৈরি হয়। নিরাপত্তার খাতিরে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন দেশজুড়ে ‘গ্রাউন্ড স্টপ’ ঘোষণা করায় কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারেনি। ৯/১১ হামলার পর গত ২৫ বছরের মধ্যে এমন দীর্ঘ সময় বিমান পরিষেবা বন্ধ থাকার ঘটনা এই প্রথম।

এই বিভ্রাটের জেরে শনিবার আমেরিকায় দু’হাজারের বেশি বিমান বাতিল করা হয়েছে এবং ১১ হাজারের বেশি বিমানের সূচিতে পরিবর্তন আনতে হয়েছে। অভ্যন্তরীণ পরিষেবা আংশিক চালু হলেও আন্তর্জাতিক বিমান চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। শুধু আমেরিকা নয়, এই সমস্যার প্রভাব ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার বিমান পরিষেবার ওপরও পড়েছে। অনেক বিমান মাঝপথে আটকে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। এমনকি ফুটবল দলগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় খেলার সূচিতেও বদল আনতে হয়েছে।

পরিষেবা পুনরায় চালু হলেও বিমানবন্দরগুলোতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। অনেক যাত্রী বিকল্প হিসেবে ট্রেন বা বাসে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। মার্কিন কর্তৃপক্ষের দাবি, প্রযুক্তিগত ত্রুটি কাটিয়ে পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। ‘থ্যাঙ্কসগিভিং’ ছুটির মরসুমে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলানোর আগেই পুরো ব্যবস্থাটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এই বিভ্রাটের কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *