প্রীত বিহারে বন্ধ ক্যাফেতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

দিল্লির প্রীত বিহারে একটি বন্ধ ক্যাফেতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে সাতজনের একটি দল ওই ক্যাফেতে যায়। রাত সাড়ে ১১টায় ক্যাফে বন্ধ হয়ে গেলেও, দলের এক সদস্যের কাছে চাবি থাকায় তারা ভেতরে প্রবেশ করে।
সেখানে মদ্যপান ও পার্টির আয়োজন করা হয়, যা রাত ৩টে পর্যন্ত চলে। নির্যাতিতা তরুণীর অভিযোগ, পার্টি চলাকালীন তাঁর দুই পুরুষ সহকর্মী তাঁকে গণধর্ষণ করেন এবং দলের বাকি সদস্যরা এই কাজে সহায়তা করেন। ক্যাফে থেকে বেরোনোর পর তাঁর ওপর যৌন নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ।
ঘটনার পর তরুণী পুলিশের দ্বারস্থ হলে চার পুরুষ ও দুই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুই মহিলাসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা রুজু করা হয়েছে।
