প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু, মাথায় আঘাতের চিহ্ন

প্রেসিডেন্সি সংশোধনাগারের বাথরুম থেকে মহম্মদ আলি নামে এক বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা মহম্মদ আলি এন্টালি থানার এনডিপিএস মামলা এবং শিয়ালদহ জিআরপিএসের একটি পুরনো মামলায় জেল হেফাজতে ছিলেন।
সংশোধনাগারের ৪৪ নম্বর ওয়ার্ডের পাশের বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সন্ধ্যায় রোল কলের সময় তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন জেলকর্মীরা। এরপরই বাথরুমের ভেতর রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, ওই বন্দির মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। জেলের ভেতরে কীভাবে এই মৃত্যু ঘটল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। বাথরুমে পড়ে গিয়ে আঘাত লেগে মৃত্যু হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বন্দিকে কেউ খুন করেছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখা। সংশোধনাগারের অন্যান্য বন্দিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। জেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।
