ফরাক্কায় কাটল রেল বিপর্যয়: টানা তিন দিন পর স্বস্তিতে যাত্রীরা, স্বাভাবিক ট্রেন চলাচল – এবেলা

ফরাক্কায় কাটল রেল বিপর্যয়: টানা তিন দিন পর স্বস্তিতে যাত্রীরা, স্বাভাবিক ট্রেন চলাচল – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা প্রবল বৃষ্টির জেরে সৃষ্টি হওয়া ৬৫ ঘণ্টার অচলবস্থা কাটিয়ে অবশেষে স্বাভাবিক হলো উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। নিউ ফরাক্কা স্টেশনের কাছে ক্ষতিগ্রস্ত রেললাইন যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের পর শনিবার সন্ধ্যা থেকে এই রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত গত বুধবার গভীর রাতে। মুষলধারে বৃষ্টির কারণে মুর্শিদাবাদ জেলার নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনের নিচের মাটি ধসে বিশাল ট্র্যাক ওয়াশআউট তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পূর্ব রেল কর্তৃপক্ষ অবিলম্বে এই রুটে ট্রেন চলাচল স্থগিত করে। ফলে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল এবং রুট পরিবর্তন করায় চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

বৃহস্পতিবার সকাল থেকে রেলের ইঞ্জিনিয়ার ও মেরামতি দল কাজ শুরু করলেও প্রতিকূল আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়ায়। দিনভর থেমে থেমে বৃষ্টি এবং বারবার মাটি ধসের কারণে কাজ ব্যাহত হচ্ছিল। অবশেষে শনিবার সকালে আবহাওয়ার উন্নতি হলে বিশেষ ‘পাওয়ার ব্লক’ নিয়ে কাজের গতি বাড়ানো হয়। ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ, মাটি ভরাট করে ট্র্যাকের ভিত্তি শক্ত করা এবং লাইনের অ্যালাইনমেন্ট ঠিক করার কাজ দ্রুত শেষ করা হয়।

শনিবার বেলার দিকে প্রাথমিক সংস্কার শেষ হলে শুরু হয় ট্রায়াল রান। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (GM) গীতিকা পাণ্ডে নিজে উপস্থিত থেকে এই প্রক্রিয়ার তদারকি করেন। প্রথাগত আচার মেনে নারকেল ফাটিয়ে একটি মালগাড়ির মাধ্যমে চালানো ট্রায়াল রানটি পুরোপুরি সফল হয়। এরপর ওভারহেড ইলেকট্রিক লাইন ও সুরক্ষা সংক্রান্ত সবুজ সংকেত মিলতেই শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। রেল কর্তৃপক্ষের মতে, বর্তমানে এই রুটে উত্তর ও দক্ষিণবঙ্গমুখী উভয় লাইনই সম্পূর্ণ নিরাপদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *