ফরাক্কার অব্যবহৃত জমি ফেরাতে গণআন্দোলনের ডাক দিলেন অভিষেক!

তীব্র দাবদাহ উপেক্ষা করে শনিবার ফরাক্কায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো ঘিরে জনজোয়ার সৃষ্টি হয়। ফরাক্কা ও সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে আলআমান মোড় থেকে শুরু হওয়া দীর্ঘ রোড শো’তে হাজার হাজার মানুষ অংশ নেন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই বিশাল উপস্থিতি ঘাসফুল শিবিরের শক্তিপ্রদর্শন হিসেবেই বিবেচিত হচ্ছে।
জিগরি মোড়ে আয়োজিত সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নদী ভাঙন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ফরাক্কা ও সামশেরগঞ্জের মানুষের এই সংকটে বিজেপি সরকার নীরব ভূমিকা পালন করছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির কোনো সদর্থক সাড়া দেয়নি। এ সময় তিনি ফরাক্কা ব্যারাজের অব্যবহৃত জমি সাধারণ মানুষের স্বার্থে ব্যবহারের দাবি জানান। ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে এই জমি উদ্ধারে রাজপথে বড় আন্দোলনের ঘোষণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিশ্রুতি দেন, উদ্ধারকৃত এই জমি নদী ভাঙনে ভিটেমাটি হারানো পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হবে।
