ফুটপাথ দখলমুক্ত করতে কড়া ডেডলাইন! বর্ধমানের বিসি রোড নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা পাল – এবেলা

এবেলা ডেস্কঃ
বেআইনি ফুটপাথ দখল ও যানজটের বিরুদ্ধে আবারও কড়া অবস্থান নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সম্প্রতি আচমকা বর্ধমানের ঐতিহাসিক বিসি রোড পরিদর্শনে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। কার্জন গেট চত্বরের বেআইনি পার্কিং ও ফুটপাথ দখলের চিত্র দেখে আগামী দুদিনের মধ্যে রাস্তা সম্পূর্ণ দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বেআইনি পার্কিংয়ের সমস্যা খতিয়ে দেখতে মাঝেমধ্যেই বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান অগ্নিমিত্রা পাল। গতকাল তিনি বর্ধমানের গুরুত্বপূর্ণ বিসি রোড পরিদর্শনে গেলে রাস্তার দু’ধারে অপরিকল্পিতভাবে বাইক ও সাইকেল রাখা এবং ফুটপাথ দখলের বিষয়টি তাঁর নজরে আসে।
এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে মন্ত্রী বলেন, “এই কার্জন গেটের রাস্তা ঐতিহাসিক। এটাকে বর্ধমানের জানলাও বলা যেতে পারে। এই রাস্তাটি নোংরা করবেন না। রাস্তায় রাস্তায় ডাস্টবিন বসিয়ে দেওয়া হচ্ছে, ড্রেনের স্ল্যাবের বন্দোবস্ত করা হচ্ছে। কিন্তু পার্কিংয়ের নিয়ম মানতে হবে।”
দীর্ঘদিন ধরেই বর্ধমানের বিসি রোডের ফুটপাথ একাংশ ব্যবসায়ীদের দখলে রয়েছে বলে অভিযোগ। বর্তমানে সেই জবরদখল ফুটপাথ ছাড়িয়ে রাস্তার একটা বড় অংশ দখল করে নিয়েছে। এর ফলে চরম যানজট ও পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে।
পরিস্থিতি খতিয়ে দেখে পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে কড়া নির্দেশ দিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, ফুটপাথের অন্তত এক-তৃতীয়াংশ জায়গা পথচারীদের হাঁটার জন্য ফাঁকা রাখতে হবে। বিসি রোডের ওপর অপরিকল্পিতভাবে রাখা সমস্ত সাইকেল ও বাইক অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি রাস্তা সম্পূর্ণ আবর্জনামুক্ত ও ঝকঝকে রাখতে হবে।
আগামী দুদিনের মধ্যে বর্ধমানের এই গুরুত্বপূর্ণ রাস্তা পরিষ্কার ও দখলমুক্ত করার কড়া নির্দেশ দিয়ে মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের ভোগান্তি আর বরদাস্ত করা হবে না।
