ফের চালু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি! সরকারি কোষাগার ভরাতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

ফের চালু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি! সরকারি কোষাগার ভরাতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের বেহাল আর্থিক পরিস্থিতি সামাল দিতে এবং নিজস্ব আয়ের উৎস বাড়াতে পুনরায় পশ্চিমবঙ্গ রাজ্য লটারি চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই অর্থ দপ্তরকে এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ২২ জুন বিধানসভায় বাজেট পেশের পরই এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর।

বাইরের রাজ্যের দাপট ঠেকাতে নিজস্ব মডেল

বর্তমানে ভিনরাজ্যের বিভিন্ন সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের থেকে অনাপত্তি শংসাপত্র (এনওসি) নিয়ে এ রাজ্যে লটারির ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে উপার্জিত বিপুল লভ্যাংশ চলে যাচ্ছে রাজ্যের বাইরে, যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তার মতে, অন্য রাজ্যের ওপর নির্ভর না করে সরকারি নিয়ন্ত্রণে লটারি ব্যবসা পরিচালনা করলে তা রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখবে। তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, যে টিকিটগুলো বাজারে অবিক্রিত থাকবে, সেগুলোর কোনোভাবেই ড্র বা খেলা আয়োজন করা যাবে না।

রাজস্ব বাড়াতে অতীতের সাফল্যই অনুপ্রেরণা

২০২০ সালের মার্চ মাসে বন্ধ হয়ে যাওয়ার আগে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি কোষাগারে বড় অঙ্কের টাকা জমা দিত। সরকারি হিসাব বলছে, ২০১৮-১৯ অর্থবর্ষে লটারি থেকে টিকিট বিক্রি হয়েছিল ১ হাজার কোটি টাকারও বেশি, যা থেকে রাজ্য সরকারের ঘরে সরাসরি ২২৩ কোটি টাকা আয় হয়েছিল। এমনকি ২০১৯-২০ অর্থবর্ষেও প্রায় ৩০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। অতীতের সেই স্বর্ণালী দিন ফিরিয়ে আনতেই মুখ্যমন্ত্রী এই লাভজনক খাতটিকে আবার সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করেছেন। একসময় সাপ্তাহিক ও উৎসবকেন্দ্রিক বাম্পার লটারির মাধ্যমে সাধারণ মানুষের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছিল, সেই একই মডেল বজায় রেখে এবার নতুন করে লটারি চালু করার পথে হাঁটছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *