“ফোন বন্ধ, থাকব না কোনও কর্মসূচিতে” — অভয়ার মৃত্যুমাসে ৭ দিনের অন্তরালে বিধায়ক মা রত্না দেবনাথ – এবেলা

“ফোন বন্ধ, থাকব না কোনও কর্মসূচিতে” — অভয়ার মৃত্যুমাসে ৭ দিনের অন্তরালে বিধায়ক মা রত্না দেবনাথ – এবেলা

এবেলা ডেস্কঃ

আগস্ট মাস মানেই তাঁর কাছে এক বুক যন্ত্রণা আর হারিয়ে যাওয়া মেয়ের স্মৃতি। ২০২৪ সালের এই আগস্ট মাসেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছিল তরুণী চিকিৎসক ‘অভয়া’কে। সেই ঘটনার পর থেকে সুবিচারের দাবিতে লড়াইয়ের সামনের সারিতে থেকেছেন তাঁর মা, বর্তমানে জলহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তবে প্রতি বছর এই মাসটি এলেই একজন জনপ্রতিনিধির অন্তরাল থেকে বেরিয়ে আসে এক শোকস্তব্ধ মায়ের ব্যাকুলতা। আর সেই কারণেই আগামী সাত দিনের জন্য নিজেকে সমস্ত রকম প্রকাশ্য কর্মকাণ্ড ও যোগাযোগ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রবিবার সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে রত্না দেবনাথ জানান, ব্যক্তিগত কারণে আগামী এক সপ্তাহ তিনি ফোনে বা সরাসরি কারও সঙ্গে দেখা করতে পারবেন না। এই সময়ে তিনি কোনও রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন না। তবে তাঁর অনুপস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার জন্য ‘জনতার কার্যালয়’-এর সমস্ত দাপ্তরিক ও প্রশাসনিক কাজ স্বাভাবিক নিয়মেই চলবে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি আপনাদের থেকে সাতদিন আমার ব্যক্তিগত কারণে চেয়ে নিচ্ছি। আগামী সাতদিন আমি ফোনে বা সরাসরি কারও সঙ্গে যোগাযোগ করতে পারব না। কোনও রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানেও উপস্থিত না থাকার আর্জি জানাচ্ছি। আমার জনতার কার্যালয়ে অফিসিয়াল কাজ যেমন চলার চলবে। আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমার এই ক’দিনের অনুপস্থিতি আপনারা আন্তরিকভাবে মার্জনা করবেন আশা রাখি।”

রাজনীতির আঙিনায় পা রেখে জলহাটি কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব সামলালেও, এই সাত দিনের বিরতির বার্তার পেছনে কোনো রাজনৈতিক সমীকরণ নয়, বরং স্পষ্ট হয়ে উঠেছে সন্তানহারা এক মায়ের নিভৃতে সময় কাটানোর আকুল আবেদন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *