“বইস্টলে ‘দুর্গাপুজো’ লিখতেই হবে!” মুখ্যমন্ত্রীর নির্দেশে তোলপাড় রাজ্য রাজনীতি – এবেলা

এবেলা ডেস্কঃ
September 11, 20268:33 am
বিধানসভায় বামপন্থীদের বইয়ের স্টল নিয়ে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। পুজোর মরশুমে সিপিএমের বইয়ের স্টলে ‘শারদোৎসব’ লেখার বদলে স্পষ্টভাবে ‘দুর্গাপুজো’ শব্দটি লিখতে হবে— অন্যথায় স্টল করার অনুমতি মিলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
বিধানসভায় ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী? বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এক শ্রেণির অধ্যাপক তথাকথিত বামপন্থীর পোশাক পরে সনাতনীদের ওপর আক্রমণ চালাচ্ছেন এবং বেছে বেছে গেরুয়া শিবিরকে টার্গেট করছেন। সেই প্রসঙ্গ টেনেই তিনি বামেদের উদ্দেশে নির্দেশ দেন, তারা যদি বইয়ের স্টলে ‘দুর্গাপুজো’ না লিখে ‘শারদোৎসব’ লেখে, তবে সেই স্টল বসতে দেওয়া হবে না।
পাল্টা সুজন চক্রবর্তীর তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি সাফ জানিয়ে দেন, ‘শারদোৎসবের বইস্টল হবেই, কেউ আটকাতে পারবে না।’ মুখ্যমন্ত্রীর অবস্থানকে আক্রমণ করে তিনি দাবি করেন, আসল ভয় শারদোৎসব শব্দটিকে নিয়ে নয়, ভয় বই ও মানুষের মুক্তচিন্তাকে নিয়ে।
সুজন চক্রবর্তী আরও স্মরণ করিয়ে দেন, ‘শারদোৎসব’ শব্দটির সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক নাটক থেকে শুরু করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথাপাঠ— সবক্ষেত্রেই এই শব্দ বাঙালির সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে।
উৎসবের মরশুমের মুখেই ‘শারদোৎসব বনাম দুর্গাপুজো’ বিতর্ক রাজ্য রাজনীতির পারদ যে নতুন করে চড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।
