বউদিকে বউ সাজিয়ে ৩ লক্ষ টাকা লোন! কিস্তি দিতে গিয়ে ফাঁস হল যুবকের এমন কাণ্ড, তারপর… – এবেলা

এবেলা ডেস্কঃ
বউ নেই তো কী হয়েছে! লোন পেতে নিজের বউদিকেই স্ত্রী বানিয়ে তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বন্দর এলাকার নাদিয়াল থানা অঞ্চলে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত শেখ তাহির আলির সঙ্গে তিন বছর আগে তাঁর স্ত্রীর আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ঋণের টাকা পাওয়ার অসৎ উদ্দেশ্যে ফন্দি আঁটে সে। নাদিয়ালের একটি বেসরকারি ঋণদাতা সংস্থায় গিয়ে নিজের বউদিকেই বর্তমান স্ত্রী বলে পরিচয় দেয় তাহির। লোন পাওয়ার জন্য নথিপত্রে স্ত্রীর নাম ব্যবহার করলেও ছবির জায়গায় সে নিজের বউদির ছবি জুড়ে দেয়। এভাবেই সমস্ত জালিয়াতি করে সংস্থার থেকে তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা লোন মঞ্জুর করিয়ে নেয় দেওর ও বউদি মিলে।
এদিকে দীর্ঘদিন ধরে কিস্তির টাকা শোধ না করায় ঋণদাতা সংস্থার প্রতিনিধিরা তাহিরের প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। বকেয়া টাকা পরিশোধের কথা শুনতেই হতবাক হয়ে যান ওই মহিলা। প্রথমে বিষয়টি নিয়ে তিনি স্পষ্ট কিছু বুঝতে না পারলেও সংস্থার ক্রমাগত চাপে তিনি নাদিয়ালের অফিসে গিয়ে সমস্ত ফর্ম ও নথিপত্র খতিয়ে দেখেন। তখনই স্পষ্ট হয়ে যায় যে, নথিপত্রে নাম তাঁর হলেও সেখানে সাঁটানো রয়েছে তাহিরের বউদির ছবি। এরপরই প্রতারণার শিকার হয়ে ওই মহিলা নাদিয়াল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে পুলিশ প্রধান অভিযুক্ত তাহির আলিকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনায় অভিযুক্ত বউদির ভূমিকা ঠিক কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
