বউমাদের রান্নার কৌশল শেখানোর নিদান! কেরলের মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ
কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের একটি মন্তব্যকে কেন্দ্র করে বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি ১৪তম পম্পা সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি পরামর্শ দেন যে, মায়েদের উচিত তাঁদের ঐতিহ্যবাহী রান্নার কৌশল ছেলে ও পুত্রবধূদের (বউমা) শিখিয়ে দেওয়া, যাতে রান্না সংক্রান্ত এই প্রাচীন শিল্প পরবর্তী প্রজন্মেও টিকে থাকে।
তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে অনেকেই ‘পিতৃতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছেন। সমালোচকদের মতে, এই ধরনের বক্তব্য সমাজে সেই পুরনো লিঙ্গ বৈষম্য ও গোঁড়ামিকেই উসকে দেয়, যেখানে হেঁশেল সামলানো বা রান্নার সম্পূর্ণ দায়িত্ব একপেশেভাবে মহিলাদের ওপর চাপিয়ে দেওয়া হয়।
এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী ভি. শিবনকুট্টি এবং বিশিষ্ট লেখিকা শারদাকুট্টির মতো ব্যক্তিত্বরা। তাঁরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে, বর্তমান যুগে যখন আধুনিক শিক্ষা ব্যবস্থায় ছেলে ও মেয়েদের মধ্যে লিঙ্গ সাম্য (Gender Equality) ও প্রগতির পাঠ দেওয়া হচ্ছে, ঠিক সেই সময়ে একজন শীর্ষস্থানীয় নেতার এই ধরনের দৃষ্টিভঙ্গি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তা সমাজকে পেছনের দিকে টেনে নিয়ে যায়।
