বকেয়া সম্পত্তি কর মেটানোর সুবর্ণ সুযোগ! জরিমানায় ৯৯ শতাংশ ছাড়ের ঘোষণা পুরসভার – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা পুর এলাকায় জমে থাকা বিপুল বকেয়া সম্পত্তি কর আদায়ে বড় পদক্ষেপ করল পুর কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরই বকেয়া সম্পত্তি করে সুদে ও জরিমানায় বিশেষ ছাড়ের সম্পূর্ণ রূপরেখা প্রকাশ করেছে কলকাতা পুরসভা। আগামী মার্চ, ২০২৭ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলা এই স্কিম অনুযায়ী, কর খেলাপির জরিমানা বা পেনাল্টিতে ৯৯ শতাংশ এবং সরকারি বকেয়া করের ক্ষেত্রে একশো শতাংশ সম্পূর্ণ ছাড় দেওয়া হবে। পরিস্থিতি সাপেক্ষে এই সময়সীমা আরও দুই মাস বাড়তে পারে। করদাতাদের সুবিধার জন্য প্রতিটি বোরো কার্যালয়ে সাহায্যকারী বুথ বা হেল্প ডেস্ক খোলা হয়েছে।
পুরসভার তথ্য অনুযায়ী, বর্তমানে শহরে মোট কর খেলাপির সংখ্যা ৩,৮৬,২৮৮ জন এবং মোট বকেয়া সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৬৮৫৪.২৯ কোটি টাকা। এর মধ্যে পেনাল্টির পরিমাণই ৪০৩.৩৮ কোটি টাকার বেশি। এই ওয়েভার স্কিমের মাধ্যমে পুর কর্তৃপক্ষ আপাতত ৭৮৪ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে পুরসভা সাফ জানিয়েছে, যেসব করদাতা বা সংস্থা আদালতের মামলায় জড়িত, তাঁদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। উল্লেখ্য, ২০২০ সালের অনুরূপ স্কিম থেকে প্রায় ছয়শো কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছিল পুরসভা।
